ছুটিতে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবির হোসেন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুরের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামে। তার বাবার নাম আবু বকর মোল্লা। নড়িয়া সার্কেল অফিসে কর্মরত থাকার আগে তিনি দীর্ঘ সময় শরীয়তপুরের পালং মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নিহতের পরিবার ও নড়িয়া সার্কেল অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুই দিনের ছুটি নিয়ে আবির হোসেন ফরিদপুরের বাড়িতে গিয়েছিলেন। রোববার তার কর্মস্থলে পুনরায় যোগ দেওয়ার কথা ছিল। বাড়িতে বিদ্যুতের কাজ চলার সময় কাজের পরিস্থিতি দেখতে শনিবার দুপুরে তিনি বাড়ির ছাদে উঠেছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে মারা যান।