পাবনার ফরিদপুরে ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার

পাবনার ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের অন্যতম ক্যাম্প কমান্ডার বাছির মল্লিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথ পুলিশ দল ১১টি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার বাছির মল্লিক পাবনা জেলার ফরিদপুর উপজেলার শালিকপাড়া এলাকার মৃত আছের মল্লিকের ছেলে। ফরিদপুর থানা-পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, বিশেষ অভিযানের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুর্বৃত্তরা ব্যবহৃত অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ফরিদপুর থানাধীন আইনগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশের কোণা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি বন্দুক, ধারালো লোহার ছেনি, চাপাতি, ছোট-বড় বেশ কয়েকটি ধারালো চাকু, লোহার বঁটি ও হসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাছির মল্লিক নিজেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল সর্বহারা সংগঠনের ক্যাম্প কমান্ডার হিসেবে স্বীকার করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে এই সংগঠনের সাথে যুক্ত থেকে এলাকায় ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায়সহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি, চুরি ও ছিনতাই দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের অন্য জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।