নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, আটক ১

নাটোরের দত্তপাড়া বাজারে রাজনৈতিক স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. হানিফ ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক হানিফ ওই এলাকার মো. হোসেন ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ বাজারে এসে ইউটার্ন নেয়। এরপর গাড়িগুলো থেকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা একাধিকবার ফাঁকা গুলিবর্ষণ করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুষ্কৃতকারীরা মুখোশ পরা থাকায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জড়িতদের পরিচয় শনাক্ত করতে পারেননি। ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় চা-দোকানি মেরাজ জানান, হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামার পর উচ্চশব্দে স্লোগান শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ পাওয়া যায়। অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা জুয়েল অভিযোগ করে বলেন, তিনটি বাহনে আসা ব্যক্তিরা বাজারে অবস্থান নিয়ে স্লোগান দেয় এবং শতাধিকবার গুলি ছোড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, দত্তপাড়ায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের জের ধরে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে কাঁঠালবাড়িয়া এলাকা থেকে হানিফ ভূঁইয়াকে আটক করা হয়েছে।