বৃহত্তর ময়মনসিংহের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ রোগীদের সেবা ও প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগের মধ্যেই হাসপাতালটির মেয়াদি ও অব্যবহৃত বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে শম্ভুগঞ্জের একটি ময়লার গুদামে। প্রাপ্ত এসব সরঞ্জামাদির গায়ে মেয়াদ রয়েছে ২০২৮ থেকে ২০৩১ সাল পর্যন্ত। গত শুক্রবার (২৩ অক্টোবর) ময়লার গুদামে ব্যবহারের উপযোগী এসব চিকিৎসা সামগ্রী পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের প্রতিনিয়ত প্রয়োজনীয় ওষুধ ও কাঙ্ক্ষিত সেবা পেতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এর মধ্যেই হাসপাতাল থেকে অব্যবহৃত অবস্থায় ইনজেকশনের সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইনসহ কয়েক বস্তা সরঞ্জাম আবর্জনার মধ্যে চলে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এলো। তবে ময়লা সংগ্রহের কাজে যুক্ত শ্রমিকদের দাবি, আবর্জনা থেকে এসব চিকিৎসা সামগ্রী বাছাই করে পৃথক করা হয় এবং পরবর্তীতে আবার হাসপাতালেই ফেরত দেওয়া হয়। বর্জ্য সংগ্রাহক জুবেদা খাতুন জানান, ময়লা সংগ্রহ ও বাছাইয়ের কাজে তারা মোট ১১ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ৪ জন সরাসরি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবর্জনা সংগ্রহ করেন এবং বাকি ৭ জন শম্ভুগঞ্জের গুদামে তা প্রক্রিয়াজাতকরণ করেন।
শ্রমিক জুবেদা খাতুন আরও জানান, ময়লার সঙ্গে প্রতিদিন নতুন নতুন ব্যবহার উপযোগী সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন চলে আসে। তারা এগুলো পৃথক বস্তায় জমিয়ে রাখেন এবং ১০ থেকে ১২ দিন পর তিন থেকে চার বস্তা চিকিৎসা সামগ্রী জমলে তা আবার হাসপাতালে ফেরত দেওয়া হয়। তবে সংগৃহীত সরঞ্জামের বাকি অংশ পাইকারি দরে বিক্রি করে দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতালের বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্যে দেখা গেছে, প্রতিদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৫ থেকে ৪০ ভ্যানগাড়ি ময়লা-আবর্জনা সরানো হয়। সেখান থেকে প্রতি সপ্তাহে তিন থেকে কয়েক বস্তা অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন পাওয়া যায়।
হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী অনিয়ম করে এভাবে বাইরে ময়লার গুদামে চলে যাওয়ার ঘটনায় তদারকির অভাবকে দায়ী করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। সংগঠনটির মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, হাসপাতাল ব্যবস্থাপনার বাইরে মূল্যবান সরঞ্জাম এভাবে বাইরে যাওয়ার ঘটনার পেছনে কর্তৃপক্ষের দায় ও তদারকির বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা জরুরি। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। তবে এ বিষয়ে বক্তব্য জানার জন্য ঠিকাদার আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে ময়লার গুদামে সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা। হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা কিংবা স্যালাইন হাসপাতালের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু এসব মালামাল বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই বর্জ্য সংগ্রাহকরা তা কীভাবে হাসপাতালে ফেরত দিবে—সে প্রশ্ন তুলে তিনি বলেন, ছুটির দিন শেষ হলে বর্জ্য সংগ্রাহক ও সংশ্লিষ্টদের ডেকে লিখিত জবাব চাওয়া হবে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
