মির্জাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বক্তব্য রাখেন। তারা জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও তারা জোর দাবি উত্থাপন করেন।

মিছিলে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. শাহজাহান মৃধা, সাবেক আমীর মাওলানা সিরাজুল হক, সেক্রেটারি রাকিব হাসান, অধ্যাপক হারুন অর রশিদ সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি ক্বারী মো. শাজাহান সূরা, কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম আলমাস এবং যুব জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ ও সেক্রেটারি। গণমিছিল শেষে জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার স্মরণে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।