মানিকগঞ্জে ২৮০ বস্তা সরকারি সারসহ ট্রাক জব্দ, আটক ২

মানিকগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ২৮০ বস্তা সরকারি ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এই অভিযান চালানো হয়। সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার দাউদকান্দি থেকে ২৮০ বস্তা সরকারি ডিএপি সার নিয়ে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। পথে মানিকগঞ্জের নয়াকান্দি এলাকায় টহল পুলিশের সন্দেহ হলে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় চালক ও হেলপার ট্রাকের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার পাচারের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক দুজন হলেন ট্রাকচালক রুবেল হোসেন ও হেলপার মনির হোসেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সারবোঝাই ট্রাকটি উদ্ধার করে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।