ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের একটি যৌথ দল। রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
অভিযানকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, মা ইলিশের প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রশাসন সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের যে নিষেধাজ্ঞা চলছে, এই সময়ে নদীতে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

