লালমোহনে ১৬৯ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, বহিষ্কার

ভোলার লালমোহন উপজেলায় ১৬৯ পিস ইয়াবাসহ মো. শরিফ চৌধুরী (২৬) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে কোস্টগার্ড তাকে লালমোহন থানায় সোপর্দ করে। শরিফ চৌধুরী লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার মোড় এলাকার লালু মিয়ার ছেলে এবং তিনি উপজেলা ছাত্রদলের কমিটির সদস্য পদে ছিলেন।

এ ঘটনার পর রোববার বিকেলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নির্দেশে এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আরিফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শরিফ চৌধুরীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, কোস্টগার্ডের হাতে আটক শরিফ চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।