গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে এই অভিযান চালানো হয়। নিষিদ্ধ মাছ মজুত ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু উপস্থিত ছিলেন। অভিযানে জব্দকৃত মাছগুলো পরে বাজারসংলগ্ন এলাকায় মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু জানান, দীর্ঘদিন ধরে পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতেই মূলত এই অভিযান চালানো হয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে কোটালীপাড়ায় পিরানহা মাছের চাষ ও মজুত বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পিরানহা মাছের চাষ করা ঘেরগুলো চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

