জনতার আদালতে সানাউল্লাহ নুর বাবুর খুনিদের বিচার হবে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনতার আদালতে সানাউল্লাহ নুর বাবুর খুনিদের বিচার নিশ্চিত করা হবে। বাবুর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। শনিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ দুলু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এটিই ছিল প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সানাউল্লাহ নুর বাবুর মতো একজন জনপ্রিয় নেতাকে শুধু প্রকাশ্যে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং খুনিদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। তিনি আরও বলেন, গত ১৬ বছরেও এই মামলার বিচার সম্পন্ন হয়নি। উল্টো শেখ হাসিনা বাবুর খুনিদের বিনা ভোটে মেয়র ও চেয়ারম্যান বানিয়ে পুরস্কৃত করেছে।

বিএনপিকে দুর্বল করার জন্য আওয়ামী লীগ অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুন করেছে বলে অভিযোগ করেন হুইপ। তিনি বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে এতদিন তারা বিচার প্রক্রিয়া আটকে রেখেছিল। তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে ইনশাল্লাহ আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার করা হবে।

বনপাড়া বাজারে শহীদ বাবু চত্বরে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দিন নাসিম, সানাউল্লাহ নুর বাবুর স্ত্রী মহুয়া নুর কচি, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক মেয়র ইসাহাক আলী এবং জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট শরীফুল হক ও অধ্যক্ষ আশরাফ আলী।

শনিবার(১০ অক্টোবর) বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।