তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি প্রশিক্ষণকে কর্মক্ষেত্রের সঙ্গে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে নীলফামারীতে একটি দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নিজস্ব চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নিয়াজ ভূইয়া মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা, প্রশিক্ষক (আরএসি) আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় টিটিসির প্রশিক্ষণার্থী ছাড়াও বিভিন্ন দক্ষ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে চাকরিপ্রত্যাশীদের সিভি জমা নেওয়া হয় এবং কর্মসংস্থান বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা জানান, প্রশিক্ষণার্থীদের অর্জিত কারিগরি দক্ষতা যেন বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগে, তা নিশ্চিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, এবারের মেলায় ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছর আয়োজিত জব ফেয়ারে সাড়ে তিন হাজার আবেদন জমা পড়েছিল, যার প্রেক্ষিতে দুই হাজারের বেশি তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এবারও বিপুলসংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে।

