সেপ্টেম্বর মাসজুড়ে জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় ডিবির উপপরিদর্শক মো. সোহাগ রানা ও উপপরিদর্শক মো. শাহজাহানের নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালিত হয়। গত ৬ সেপ্টেম্বর জামালপুর সদর থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ এই চক্রের সন্ধান পায়। তদন্তে জানা যায়, চক্রের সদস্য নীরব হোসেন বিভিন্ন স্থান থেকে সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করতেন। এরপর আরেক সদস্য আবু বকর সিদ্দিকের মাধ্যমে সেই চোরাই বাইকগুলো জামালপুর, মেলান্দহ, শেরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জামালপুর সদর, মেলান্দহ, শেরপুর সদর ও শ্রীবরদী থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর সদরের নীরব হোসেন, মাহফুজ আহমেদ ও রবিউল ইসলাম সোহাগ; মেলান্দহের মো. বরকতউল্লাহ ওরফে সবুজ ও আবু বকর সিদ্দিক; শেরপুর সদরের মো. ওমর ফারুক এবং শ্রীবরদীর মো. সাদ্দাম হোসেন, আব্দুর রাজ্জাক ও আমির হোসেন।
অভিযানে উদ্ধার করা ১১টি মোটরসাইকেলের মধ্যে বাজাজ ডিসকভার, টিভিএস অ্যাপাচি আরটিআর, হিরো হাঙ্ক ও বাজাজ পালসার মডেলের বাইক রয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত প্রতিটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে প্রকৃত মালিকানা যাচাইয়ের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে এসব মোটরসাইকেল তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।
পুরো অভিযান নিয়ে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মোটরসাইকেল চুরি সাধারণ মানুষের জন্য কেবল আর্থিক ক্ষতি নয়, এটি তাদের নিরাপত্তাবোধ ও আস্থার ওপরও বড় ধরনের আঘাত। তিনি আরও বলেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচা করাও আইনের দৃষ্টিতে অপরাধ। তাই বৈধ কাগজপত্র ভালোভাবে যাচাই করে তবেই পুরনো মোটরসাইকেল কেনার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন। তিনি সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছেন এবং জনগণের সহযোগিতায় এই চক্রের পলাতক বাকি সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।

