জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রাম প্রতিবছর এক বিশেষ উৎসবের অপেক্ষায় থাকে। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী পক্কি তলার মেলাকে ঘিরে পুরো গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের কাছে মেলাটি ‘জামাই মেলা’ নামেই বেশি পরিচিত। মেলা উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে চলে বিশেষ আয়োজন, যেখানে গ্রামের সব জামাইকে দাওয়াত দেওয়া হয়। আত্মীয়স্বজনের আগমন ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে এটি একটি বিশাল সামাজিক মিলনমেলায় পরিণত হয়। বংশপরম্পরায় চলে আসা এই আয়োজন স্থানীয়দের কাছে কেবল একটি বার্ষিক মেলা নয়, বরং আত্মীয়তার বন্ধন দৃঢ় করার ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার অন্যতম মাধ্যম।
মেলার অন্যতম প্রধান আকর্ষণ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সকাল থেকেই ঢাকের তালে লাঠিয়ালদের কসরত শুরু হয়। বাড়ির উঠানে আয়োজিত এই প্রদর্শনী দেখতে সব বয়সের মানুষের ভিড় জমে, যারা খেলোয়াড়দের দ্রুতগতির কৌশল ও শৈল্পিক নৈপুণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। দর্শনার্থীরা জানান, হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য উপভোগ করার সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। মেলা প্রাঙ্গণজুড়ে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। সেখানে মিঠাই-মিষ্টি, জিলাপি, প্রসাধনসামগ্রী, মাটির তৈজসপত্র ও কাঠের নিত্যপ্রয়োজনীয় জিনিসের পসরা সাজানো হয়েছে। শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, চড়কি ও নৌকাসহ বিভিন্ন রাইড রয়েছে।
মেলায় আসা জামাই নূর আলম জানান, ছয় বছর আগে তার বিয়ের পর থেকে প্রতিবছরই তিনি শ্বশুরবাড়ি থেকে এই মেলায় দাওয়াত পান। তার মতো গ্রামের সব জামাই পরিবার-পরিজন নিয়ে মেলায় আসেন এবং দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করেন। মেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, বাপ-দাদাদের শুরু করা এই ঐতিহ্য বর্তমান প্রজন্ম ধরে রেখেছে। যদিও মেলাটির সঠিক ইতিহাস বলা কঠিন, তবে প্রায় ২০০ বছর ধরে এটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যায় মেলায় যোগ হয় নতুন মাত্রা। রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। গান ও পরিবেশনার মধ্য দিয়ে শিশু থেকে বয়স্ক—সবাই মেলায় অংশগ্রহণ করেন। আধুনিকতার ছোঁয়ায় অনেক গ্রামীণ ঐতিহ্য হারিয়ে গেলেও আইমাপুরের মানুষ তাদের পূর্বপুরুষদের স্মৃতি ও সংস্কৃতিকে আজও সযত্নে বাঁচিয়ে রেখেছেন।

