উৎপাদন খরচ ও দরপতনের চাপ, ঈশ্বরদীতে কমছে শিম চাষ

দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় একসময় পাবনার ঈশ্বরদীর খ্যাতি ছিল ‘শিম চাষের রাজধানী’ হিসেবে। তবে এবার সেই চিত্রে বড় ধরনের প্রভাব পড়েছে। উৎপাদন খরচ বৃদ্ধি, আশানুরূপ বাজারদর না পাওয়া এবং নানা ধরনের কৃষি উপকরণ সংকটের মুখে চলতি মৌসুমে শিম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ঈশ্বরদীর অনেক কৃষক। স্থানীয় চাষিদের অভিযোগ, জমিতে উৎপাদন ব্যয় দ্বিগুণ হলেও শিমের বিক্রয়মূল্য সন্তোষজনক নয়। এর পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের কার্যকর সহযোগিতা না পাওয়া এবং সরকারি নির্ধারিত দামে পর্যাপ্ত সার সংগ্রহ করতে না পেরে তীব্র হতাশায় ভুগছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় ১ হাজার ২৯০ হেক্টর জমিতে শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দপ্তরটি। কিন্তু মাঠপর্যায়ে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪৮০ হেক্টর কম জমিতে আবাদ হয়েছে। ফলে এ বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় শিম চাষ কমেছে প্রায় ৩৬ শতাংশ। ঈশ্বরদীতে শিম উৎপাদনের মূল ক্ষেত্র ধরা হয় মুলাডুলি ইউনিয়নকে। উপজেলার মোট আবাদি জমির প্রায় ৮০ শতাংশই এই ইউনিয়নে অবস্থিত। মুলাডুলির পতিরাজপুর, আড়কান্দি, নেকড়হাটা, মুলাডুলি, ফরিদপুর, রামেশ্বরপুর, শেখপাড়া, সড়াইকান্দি, বেতবাড়িয়া, রামনাথপুর, ডিলুহাট, বাঘহাছলা, বহরপুর ও দুর্গাপাড়ায় বাণিজ্যিকভাবে শিম চাষ হয়। এছাড়া দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর, দুর্গাবাজার, মারমী, কালিকাপুর দিঘীরপাড় এবং সলিমপুর ইউনিয়নের জয়নগর, ভাড়ইমারী, নওদাপাড়া ও বক্তারপুরেও প্রচুর শিম আবাদ হয়ে থাকে।

সম্প্রতি সরেজমিনে এলাকাগুলো ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ খেতজুড়ে মাচানে বেড়ে উঠেছে শিমগাছ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লতা ছাড়ানো, অতিরিক্ত পাতা ছাঁটাই এবং ফুল ও গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। তবে এত খেটেখাটুনির পরও আশানুরূপ ফলন পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। মুলাডুলি এলাকার চাষি আশরাফুর ইসলাম দুই বিঘা বর্গা জমিতে আবাদ করেছেন। তিনি জানান, জমি প্রস্তুত, বীজ বপন ও মাচান তৈরিসহ শুরুতেই বিঘাপ্রতি প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। এরপর সার ও কীটনাশক বাবদ অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। কৃষি কর্মকর্তাদের অনুপস্থিতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, বছরে একদিনও তাদের মাঠে দেখা যায় না। কিন্তু যোগাযোগ করলে তারা সবসময় কাজে ব্যস্ত থাকার কথা জানান। মাঠে তাদের না পেলে তারা আসলে কোন মাঠে সেবা দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এই কৃষক।

একই এলাকার কৃষক ইমরান জানান, গাছে সার ও বালাইনাশক দিয়েও শিমের ফুল ঝরা বন্ধ করা যাচ্ছে না। ফুল ঝরার সঠিক কারণ বুঝতে না পেরে বাধ্য হয়ে স্থানীয় বালাইনাশক বিক্রেতাদের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হচ্ছে। অন্যদিকে, আগে প্রতি বছর প্রায় ১০ বিঘা জমিতে শিম চাষ করা কৃষক আওয়াল জানান, কৃষি দপ্তরের বৈষম্যমূলক আচরণের কারণে গত কয়েক বছর ধরে তিনি শিম চাষ বন্ধ রেখেছেন। চাষি আফিলের অভিযোগ, খোলাবাজারে সরকারি সারের কৃত্রিম সংকট তৈরি হওয়ায় বাধ্য হয়ে তাদের অবৈধ ও নিম্নমানের সার-ওষুধ কিনতে হচ্ছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। বাজারে এসব নিম্নমানের কৃষি উপকরণ বিক্রি হলেও তা তদারকিতে কার্যকর পদক্ষেপ নেই বলে দাবি করেন তিনি।

কৃষকদের এসব অভিযোগের বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, মূলত অতিরিক্ত বৃষ্টি ও তীব্র গরমের কারণেই শিমের ফুল ঝরে পড়ছে। বাজারে বিক্রি হওয়া কীটনাশকগুলো সরকারের অনুমোদিত দাবি করে তিনি বলেন, পর্যাপ্ত বাজেট বা অর্থ বরাদ্দ না থাকায় বাজার থেকে সার ও বালাইনাশকের নমুনা সংগ্রহ করে গুণগত মান পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে বাজারে মানসম্পন্ন সার ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে এবং খুব শিগগিরই এ সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।