ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা: টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে এক ধরনের অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ যদি এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তবে দেশটি বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়তে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে ‘জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

দেশের অর্থনীতির চাকা সচল রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এ জন্য দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। তিনি সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সরে এসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সবার প্রতি আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিজ নিজ কাজে ফিরে গিয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এছাড়া তিনি দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির আন্দোলনের ভূমিকার কথাও স্মরণ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর কিছু ছাত্রনেতার সরকারে যোগ দেওয়া এবং নতুন রাজনৈতিক দল গঠনের সমালোচনা করে মন্ত্রী বলেন, এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি জুলাই যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া সবাইকে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।