কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডে পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অবস্থায় ৭ থেকে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য। নিহতরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা উদ্ধারকর্মীরা খতিয়ে দেখছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা সম্ভব হয়নি।