যুক্তরাষ্ট্রের আইডাহোয় রেস্তোরাঁয় গুলিবর্ষণ, হামলাকারীসহ একাধিক প্রাণহানি

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি বার্গার রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১ আগস্ট) বিকেলে ‘ইন-অ্যান্ড-আউট বার্গার’ নামের ওই রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, বন্দুকধারী নিহত হওয়ায় এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে ঘটনার সময় সেখানে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সিটি মুখপাত্র জশ পামার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, তিনি রেস্তোরাঁর কাছের একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। সে সময় ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-ধরনের রাইফেল হাতে এক ব্যক্তিকে বের হতে দেখেন তিনি। এরপর পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। গোলাগুলির একপর্যায়ে রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। ওই নারীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল বলে জানান কোয়েন।

এদিকে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় জরুরি সেবাকর্মীদের প্রশংসা করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। প্রথম সাড়াদানকারী সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে নিহত ও আহতদের সঠিক সংখ্যা এবং পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।