আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের যমুনা নদীর তীরে আয়োজিত জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের দীর্ঘ ৩০ বছরের চক্ষু সেবার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগে গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে চক্ষুশিবির পরিচালনা করা হতো। সেই সময় ক্যাম্পের ভেতরেই ছানি অপারেশন করা হতো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি আর দারিদ্র্য বা চোখের ক্যাম্পের সীমাবদ্ধতা দেখি না। বরং এখন আমি দেখি এক সম্ভাবনাময় বাংলাদেশ, যেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধনী-গরীব সবার কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে বলেন, দেশে আর পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়ার সুযোগ নেই। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, যারা দায়িত্ব নেবেন তারা ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে আসবেন। মেয়াদ শেষে তাদের ব্যাংক ব্যালেন্স বাড়ার পরিবর্তে বরং কমে যাওয়া উচিত।
তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. এম এ মুহিত বলেন, যারা উগ্রপন্থাকে উস্কে দিতে চায় বা বিভিন্ন ইস্যু তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। নারী-পুরুষের সমান অধিকার এবং যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার সমাজব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রফেসর এমএ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী স্থপতি ফাহমিদা মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বক্তারা জানান, এই ভিশন সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিদেশী চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

