নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের ট্যাংকি মৎস্য অভয়াশ্রমে আইন অমান্য করে মাছ শিকারের দায়ে ২৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ভূষণগাছা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৬ জন মৎস্য শিকারিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যেককে ১ হাজার টাকা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শি, হুইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন নলডাঙ্গা থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অভয়াশ্রমে সরকারি আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

