ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত শতবর্ষী রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুরোনো মূল ভবনটি সংস্কার ও এর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের নতুন ভবনের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ‘ঐতিহ্য হারিয়ে গেলে ফিরিয়ে আনা যায় না’—এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুবিয়া খাতুন নীপার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ বদরুল আলম। সভায় বক্তব্য রাখেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক শামসু, সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং স্থানীয় সাংবাদিক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
১৯১১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি গৌরীপুরের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম স্মারক। দীর্ঘ সময় ধরে এই ভবনের শ্রেণিকক্ষ ও বারান্দায় জ্ঞান অর্জন করেছেন কয়েক প্রজন্মের শিক্ষার্থী। বক্তারা উল্লেখ করেন, আর কে স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি গৌরীপুরের শত বছরের ইতিহাসের সাক্ষী। তাই ভবনের মূল স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।
ভবনটির বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর ভবনটি অরক্ষিত হয়ে পড়ায় সেখানে মাদকসেবী ও বখাটেদের আনাগোনা বাড়ছে এবং জুয়াসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ভবনের অনেক পুরোনো দরজা-জানালা ও গ্রিল চুরি হয়ে গেছে বলেও তারা জানান।
আলোচনায় ভবনটির কারিগরি পরীক্ষা, পুরোনো নকশা বজায় রেখে সংস্কার এবং কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগেই কেবল এই ঐতিহাসিক নিদর্শনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

