শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতবাড়ি এবং ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের আরিফুল ইসলামের একটি হাফ-বিল্ডিং ঘরও সম্পূর্ণ ভস্মীভূত হয়।
স্থানীয়রা আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি ঘরের আসবাবপত্রসহ সমস্ত প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি লাইনের মাধ্যমে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

