দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতিগ্রস্ত পরিবার

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা তার বসতবাড়ি সংলগ্ন গোয়ালঘর ও কবুতরের ঘরে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার ভোররাতে হঠাৎ করেই গোয়ালঘর ও কবুতরের বাসায় আগুন জ্বলতে দেখা যায়। আগুনের শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। ঘটনার খবর পাওয়ার পরপরই দুমকি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় আড়াই লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম তুহিন অভিযোগ করে বলেন, "আমরা কখনও প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনো ক্ষতিও করিনি। আজ আমার পরিবার নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলো।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।