সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল, আটক ৮

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ এএম

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাসড়কের বিপিএটিসি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ব্যস্ত সড়কে ব্যাপক যানজট ও তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে আটজনকে আটক করেছে।

পুলিশ জানায়, মিছিলকারীরা সাভার পৌর আওয়ামী লীগের নেতা মাসুম দেওয়ানের ছবি সংবলিত ব্যানার নিয়ে হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিল থেকে তারা স্লোগান দেয়, 'শত শত নেতাকর্মী কারাগারে বন্দী কেন? তবুও থেমে নেই আমরা অকুতোভয় মুজিব সৈনিকরা।' একই সঙ্গে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার লড়াই শেষ রক্তবিন্দু দিয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। ধাওয়া করে প্রথমে ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনসহ মোট ৮ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এই মিছিলের বিষয়ে প্রশাসনের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছে পুলিশ।