সাংবাদিক সাজেদা হকের মামলায় মিরাজ ও কুসুমের বিরুদ্ধে চার্জ গঠন

সাংবাদিক সাজেদা হকের দায়ের করা একটি সাধারণ ডায়েরির তদন্ত শেষে পেনাল কোড আইনের ৫০৬ ধারায় চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) সকালে চিফ মেট্রোপলিটনের ১৩ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট এই আদেশ প্রদান করেন।

ঘটনার সূত্রপাত গত বছরের ২০ নভেম্বর, যখন সাংবাদিক সাজেদা হক খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আদালতের নির্দেশে পল্টন মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. নূর ইসলাম (বিপি-৯৩১৯২২৫৪১৭) অভিযোগটি তদন্ত করেন। তদন্ত শেষে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৫০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

সোমবার এই মামলায় পল্টন থানায় চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জের আবেদন জানালেও আদালত তা বাতিল করে দেন। এরপর আদালত ৫০৬ ধারা মোতাবেক চার্জ গঠনের আদেশ দেন।

উল্লেখ্য যে, সিআরপিসি মামলা নম্বর ১৮০৬-এ খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে সই জালের আরেকটি অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। একই সঙ্গে, পল্টন থানায় খন্দকার মিরাজুলের দায়ের করা একটি অভিযোগ পুলিশি তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এছাড়া সাংবাদিক সাজেদা হককে হয়রানি, মানহানি, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খন্দকার মিরাজুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে পল্টন থানায় আরও একাধিক অভিযোগের তদন্ত চলমান রয়েছে।