রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য বিক্রির স্থানটিতে পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়াল ঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাত করেই কলেজের পেছনের সীমানা প্রাচীরটি ধসে পড়লে কয়েকজন নারী ও পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসে নাছিমা বেগমের মৃত্যু হয়েছে এবং আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

