বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করলেন পোশাক শ্রমিকরা

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের এই আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক তাদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এসে জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ নিশ্চিত করেছেন যে, সকাল সাড়ে নয়টার দিকে গার্মেন্টস শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।