গাজীপুরের শ্রীপুরে সমবায়ীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে একটি পৃথক সমবায় মার্কেট স্থাপনের দাবি জানিয়েছেন সমবায়ী নেতারা। তাঁদের মতে, এমন একটি বাজার ব্যবস্থা গড়ে উঠলে উৎপাদকরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে উৎপাদক ও ভোক্তা উভয়কেই আর্থিকভাবে লাভবান করবে।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রোববার (৮ নভেম্বর) শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর পশ্চিমপাড়া সার্বিক সমবায় সমিতির সভাপতি মাঈন উদ্দিন, পাথারপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সেলিম আহমেদ এবং ঢাকা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া। আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া তাঁর বক্তব্যে সমবায়ীদের বর্তমান সংকটগুলো তুলে ধরে একটি বৃহৎ সমবায় বাজার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ সময় তিনি কৃষি সমবায় সমিতিগুলোকে সচল করা, সমবায়ীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া এবং সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাবও উত্থাপন করেন।

