মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা গ্রামে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামেরই মৃত আমিনুর মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে তাওহিদ ও তার সমবয়সী কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। খেলার এক পর্যায়ে তাওহিদ পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা বিলের পানিতে তাওহিদের জুতা ভাসতে দেখেন। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে দ্রুত মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এবং হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, প্রায় এক বছর আগে মাত্র এক মাসের ব্যবধানে তাওহিদের বাবা আমিনুর মিয়া ও চাচা নজরুল ইসলাম প্রবাসে মৃত্যুবরণ করেন। পরিবারের ছোট্ট সদস্য তাওহিদের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।