চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু মোকাবিলায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা সদর উপজেলা ও পৌর যুবদল। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ক্লাব সুপার মার্কেট এলাকা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

অভিযান চলাকালে যুবদলের নেতাকর্মীরা সড়কের পাশের ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি বিভিন্ন স্থানে মশা নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রচারণা চালানো হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান অনু, সাবেক সহ-সম্পাদক মুজিবুর রহমান মজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সদর থানা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, নাচোল উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানা এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তারা। ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে পারে এমন জায়গাগুলো পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান নেতারা।