বগুড়ায় ৭২৫ মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে পূজা উদযাপন পরিষদের সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের সাতমাথা সনাতন মন্দিরে এই সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল। সভায় জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় জানানো হয় যে, এ বছর বগুড়া জেলায় মোট ৭২৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসবকে ঘিরে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার, গুজব প্রতিরোধে সতর্কতা অবলম্বন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক যাতায়াতের ব্যবস্থা করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

সভায় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকী, মহানগর সভাপতি পরিমল প্রসাদ রাজ এবং সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়ালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।