বগুড়ায় এক নারীকে ধর্ষণ ও তাঁর আপত্তিকর ভিডিও এবং ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শুক্রবার দুপুরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২-এর বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার।
র্যাব কর্মকর্তা জানান, ভুক্তভোগী ওই নারী ৩৪ বছর বয়সী এবং তাঁর স্বামী প্রায় চার বছর ধরে প্রবাসে কর্মরত আছেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সুবাদে মাসুদের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, কৌশলে মাসুদের সঙ্গে পরিচয়ের পর তিনি জোর করে ওই নারীর মুঠোফোন নিয়ে যান। ফোন ফেরত দেওয়ার কথা বলে নারীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ফাঁকা বাড়িতে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন মাসুদ।
হান্নান হাওলাদার আরও জানান, ধর্ষণের সময় মাসুদ ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ও ছবি প্রকাশের ভয় দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে। এই ঘটনায় গত ২২ আগস্ট ভুক্তভোগী নারী বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি মাসুদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের আলাদীপুর এলাকায় তাঁর অবস্থান নিশ্চিত হয়ে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

