১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহত প্রায় পাঁচ লাখ মানুষের স্মরণে ভোলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ৫৬ বছর পর এই প্রথমবারের মতো সরকারি উদ্যোগে জেলা পরিষদ হলরুমে এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী হুমায়ুন কবীর সোপান।
স্মরণসভায় বক্তারা সেই ভয়াবহ দুর্যোগে প্রাণ হারানো মানুষের আত্মত্যাগ ও উপকূলীয় জনপদের ক্ষয়ক্ষতির স্মৃতিচারণ করেন। তারা ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান। তাদের মতে, এই দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে উপকূলের দুর্যোগের ইতিহাস এবং এই অঞ্চলের সংকট ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে অধিক গুরুত্ব পাবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ভয়াল দিনের ইতিহাস তুলে ধরার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, বন্ধুজনের আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আমিনুল ইসলাম, ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, সুজন-এর সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, সিপিপির টিম লিডার মো. তসলিম এবং আমরা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক মীর মোশারেফ অমি। আলোচনা শেষে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বনি আমীন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলে আঘাত হানা সেই ঘূর্ণিঝড়ে ঘণ্টায় প্রায় ২২৪ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে ৬ থেকে ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইতিহাসের ভয়াবহতম এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে আনুমানিক ৭ থেকে ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। এর মধ্যে শুধু ভোলা জেলাতেই পাঁচ লাখের বেশি মানুষ প্রাণ হারান বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

