গোপালগঞ্জে নিরাপত্তার কড়াকড়ি: ৬ প্লাটুন বিজিবি, মাঠে ১৩৫০ পুলিশ

গোপালগঞ্জ জেলাজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলায় মোট ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিয়োজিত করা হয়েছে। এর পাশাপাশি সার্বিক নিরাপত্তায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও সদস্য মাঠে কাজ করছেন। রোববার (১৫ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ স্থানীয় সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর নীতিমালায় দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনগণের সুরক্ষা দিতে বিজিবি নিয়োজিত রয়েছে। তিনি জানান, গোপালগঞ্জে পূর্বে তিন প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছিল। পরিস্থিতির পর্যালোচনায় রোববার আরও তিন প্লাটুন যোগ হওয়ায় বর্তমানে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও পুলিশ, এপিবিএন ও আনসারসহ অন্যান্য আইনপ্রয়োগকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

বিজিবি রিজিয়ন কমান্ডার আরও উল্লেখ করেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ঘেরাও করে অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি তৈরির একটি চেষ্টা চালানো হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। সাধারণ মানুষের জানমালের ক্ষতি কিংবা সরকারি কোনো সম্পত্তির ক্ষতিসাধন করে এমন কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।

সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও আরআরএফের ১ হাজার ৩৫০ জন সদস্য ও কর্মকর্তা কাজ করছেন। জেলার মধ্য দিয়ে যাওয়া ৬৭ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়কে নিরবচ্ছিন্ন মোবাইল টহল বজায় রাখা হয়েছে, যার ফলে এক মিনিটের জন্যও যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়নি। একই সঙ্গে জেলা সদর এবং বিভিন্ন উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য টহলে আছেন।

উক্ত সংবাদ সম্মেলনে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অত্যন্ত ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে মাঠে থেকে তাদের দায়িত্ব পালন করছে।