বরগুনার বেতাগীতে রবিবার (১৩ সেপ্টেম্বর) পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক গৃহবধূ এবং এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামের শিরিনা বেগম (৪৪) এবং কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী এলাকার মৃত রাজ্জাক ফরাজীর ছেলে রাজু (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে শিরিনা বেগম নিজ বাড়িতে চালের পোকা নিধনের গ্যাসের ট্যাবলেট সেবন করেন। অসুস্থ হয়ে বমি করার পর তাকে দ্রুত পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে বরিশাল নেওয়ার পথে সুবিদখালী এলাকায় দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একই দিন রাতে আরেকটি পৃথক দুর্ঘটনায় রাজু নামে ওই যুবকের মৃত্যু হয়। রাত ৯টার দিকে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারের পোস্ট অফিসের পেছনে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন তাকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

