বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। সোমবার (২০ জুলাই) রাতে র্যাব-৮-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম (সেবা) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের তথ্য অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. সাইদ (২২) নামের এই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদ বরিশাল সদর উপজেলার রাজারচর এলাকার মো. মোক্তারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে মামলার অন্যতম আসামি রুহুল আমিন আঁকনকে (২৯) গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রুহুল আমিন চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের জামাল আকনের ছেলে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানান, গত ১০ জুলাই রাতে ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়। ঘটনার পর গত বুধবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ জুলাই সন্ধ্যায় কিশোরী ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে এবং চাকুর ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়ে প্রতিবেশী ইলিয়াসের বসতঘরের দোতলায় নিয়ে যায়। সেখানে ইলিয়াস, সাইদ ও রুহুল আমিন ভোর ৫টা পর্যন্ত কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে দুর্বৃত্তরা তার কানের দুল ছিনিয়ে নেয়। নির্যাতনের পর তাকে বাড়ির পাশে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয়। বর্তমানে মামলার প্রধান অভিযুক্ত ইলিয়াসকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

