বান্দরবান পার্বত্য জেলার পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে, বিদ্যমান সংকট দূর করতে এবং এ খাতকে আরও গতিশীল করতে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে অংশ নেন বান্দরবান সেনা জোন ও জেলা বিজিবির প্রতিনিধিরা। এছাড়া বান্দরবান রিসোর্ট সমিতির সভাপতি, হোটেল মালিক সমিতির সভাপতি এবং জেলার সাতটি উপজেলার পর্যটন গাইড সমিতির সভাপতিসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা সভায় নিজেদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় জেলার পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিত উপায়ে কাজে লাগানো, পর্যটন কেন্দ্রগুলোতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ব্যবসায়ী ও গাইডরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। বিশেষ করে তারা পর্যটকদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বান্দরবানে পর্যটকদের যাতায়াত প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার দাবি জানান। একই সঙ্গে হোটেল-মোটেল মালিক, ট্যুর অপারেটর, পরিবহন ব্যবসায়ী ও পর্যটন গাইডদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি বলেন, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে কেন্দ্র করে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে টেকসইভাবে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পর্যটন অবকাঠামোর উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে এ খাত জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সভায় স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পর্যটনসংশ্লিষ্টদের উত্থাপিত সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত অংশীজনরা বান্দরবানের পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

