রাঙামাটি সদর জোনের উদ্যোগে স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর জোনের প্রশিক্ষণ শেডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো. জুলফিকার রহমান। তিনি বলেন, সারা বিশ্ব প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরও পিছিয়ে থাকার সুযোগ নেই। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
জোন কমান্ডার আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানুষের কল্যাণে কাজ করে। পাহাড়ের এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সেনাবাহিনী দায়িত্ব পালন করতে চায়। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রা সুন্দরভাবে শুরু হবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই কম্পিউটার প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মেজর জুলফিকার রহমান জানান, কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি মেকানিক্যাল ট্রেনিং, ফার্স্ট এইড ট্রেনিং এবং মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণের মতো আরও অনেক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কার্যক্রম এ অঞ্চলের মানুষের উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থী অর্পা বণিক বলেন, তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে এসেছেন এবং আশা করছেন এই প্রশিক্ষণ তার জীবনের উন্নয়নে সহায়ক হবে। অপর প্রশিক্ষণার্থী সাগর ধর জানান, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তাল মিলিয়ে চলতে এই প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

