সিরাজগঞ্জে যুবলীগের মিছিলের সময় নিষ্ক্রিয়তা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান এবং কনস্টেবল মোরশেদুল ইসলাম। পুলিশ সুপার জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনের ওই মিছিলের সময় পাশেই পুলিশের পিকআপ ভ্যানটি উপস্থিত ছিল। কোনো পুলিশ সদস্যের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে। এই তদন্ত কার্যক্রমের স্বার্থেই পিকআপে থাকা ওই চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় যুবলীগ নেতাকর্মীরা মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিল যাওয়ার সময় বিপরীত দিক দিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। মিছিলকারীরা উত্তেজিত হয়ে পুলিশের পিকআপের দিকে এগিয়ে যান এবং পুলিশ সদস্যদের পিকআপ থেকে না নামার জন্য হুমকি দেন। এ সময় পুলিশ সদস্যরা কোনো প্রতিবাদ না করেই নীরবে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে, ওই মিছিলের ঘটনার পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)।