রূপনগরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৫৪

রাজধানীর রূপনগরে একটি টিনশেড বাসার কক্ষ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রূপনগর থানায় দু'জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে এই মামলাটি করা হয়। মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) তারেকুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার রাতে সেকশন-৫-এর টিনশেড এলাকার ৩০ নম্বর বাসার ২ নম্বর রোডের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল গিয়ে আলামত সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং মৃত্যুর কারণ নিয়েও তদন্ত চলছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই নারী প্রায় তিন মাস ধরে বাসাটিতে একাই বসবাস করতেন এবং সম্প্রতি বাসাটি ছেড়ে দেওয়ার কথা ছিল। বাসা ছাড়ার আগেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে খবর পেয়ে রূপনগর থানা পুলিশ বাসাটিতে গিয়ে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে।

লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর লাশটি দুই থেকে তিন দিন ওই কক্ষে পড়ে ছিল। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার আগে মৃত্যুর সুনির্দিষ্ট সময় নিশ্চিত করা সম্ভব নয়। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছিলেন, এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা প্রাথমিকভাবে নিশ্চিত নয়। এখন মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে।