পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল ও শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
ভাইরাল হওয়া ভিডিও এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে একদল নেতাকর্মী হঠাৎ রাজপথে নেমে আসেন। ‘প্রত্যাবর্তন ২.০’ স্লোগানকে সামনে রেখে তারা মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে এই শোডাউন করেন। মিছিলের সময় নেতাকর্মীদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। এ সময় তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করেন।
নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য শোডাউনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, "নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে আঞ্চলিক মহাসড়কে লাঠিসোঁটা ও প্ল্যাকার্ড নিয়ে কীভাবে এমন শোডাউন করে! এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।"
এদিকে, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, তারা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

