নবম পে-স্কেলের গেজেট প্রকাশে কেন দেরি হচ্ছে?

সরকারি চাকরিজীবীদের জন্য প্রতীক্ষিত নবম পে-স্কেলের গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক বিভিন্ন জটিলতার কারণে এই গেজেট প্রকাশের প্রক্রিয়ায় সময় লাগছে। গত ৩১শে আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, অনুমোদিত এই বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী রোববার জারি করা সম্ভব হবে। তিনি আরও জানান, প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমেই নতুন পে-স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। বর্তমানে গেজেট প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে পে-স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখান থেকে এটি অর্থ মন্ত্রণালয়ে ফিরে আসবে এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সবশেষে এসআরও নম্বর পাওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন যে, নবম পে-স্কেলের প্রজ্ঞাপন বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে গিয়েই মূলত কিছুটা সময় বেশি লাগছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০ হাজার টাকায় উন্নীত হয়েছে। এছাড়া প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১০০ শতাংশ বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও নতুন কাঠামো ১লা জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে বর্ধিত বেসিকের সুবিধা ধাপে ধাপে পাওয়া যাবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই তিনটি ধাপে এই নতুন বেসিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।