দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যু ও সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৭ জন খুলনা বিভাগের। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৭ জন, চট্টগ্রামে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫ জন, বরিশালে ১১৯ জন, রাজশাহীতে ১০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ময়মনসিংহে ৮৭ জন, রংপুরে ২৭ জন এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।

মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকা উত্তর এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৯ হাজার ৫৩২ জনের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৯৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৫৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩ জন ভর্তি হয়েছেন।

রোগীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ শতাংশ এবং নারীর হার ৩৮ শতাংশ। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীরা বেশি আক্রান্ত হয়েছেন; মোট ১১১ জনের মধ্যে ৬১ জন নারী (৫৫ শতাংশ) ও ৫০ জন পুরুষ (৪৫ শতাংশ)। বয়সসীমার দিক থেকে ২১ থেকে ৩০ বছর বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি, যা মোট ১১ হাজার ২৭১ জন।

মাসভিত্তিক হিসেবে আগস্ট মাসে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬ জন, যা এ বছরের সর্বোচ্চ। জুলাই মাসে আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ২০৬ জন। এছাড়া সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনেই ৩ হাজার ৬৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ৯০৯ জন এবং এর বাইরে সারা দেশে ২৯ হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বয়সভিত্তিক তথ্যেও তরুণদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ২১ থেকে ২৫ বছর বয়সী ৫ হাজার ৬৪১ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৫ হাজার ৬৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ ২১ থেকে ৩০ বছর বয়সী রোগীর সংখ্যা ১১ হাজার ২৭১।