জলবায়ু অর্থায়নে ২৫ সদস্যের জাতীয় কমিটি গঠন, সভাপতি তারেক রহমান

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত ও কার্যকর কাঠামোর আওতায় নিয়ে আসতে সরকার ২৫ সদস্যবিশিষ্ট ‘ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স’ (এনসিসিএফ) গঠন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই কমিটির গঠন ও দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু কমিটির সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন বিষয়ের উপদেষ্টা মাহ্‌দী আমিন। পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ভূমি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প, বাণিজ্য, সড়ক পরিবহন ও মহাসড়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, নৌপরিবহন, রেলপথ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকছেন।

এই জাতীয় কমিটির মূল লক্ষ্য হলো জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট বিষয়ে বাংলাদেশের জাতীয় রূপকল্প, কৌশলগত অগ্রাধিকার ও লক্ষ্য নির্ধারণ করা। প্যারিস চুক্তির আর্টিকেল-৬সহ আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে দেশের কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো প্রণয়ন, অনুমোদন এবং বাস্তবায়নের বিষয়ে কমিটি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। এছাড়া কার্বন ট্রেডিং কার্যক্রম পরিচালনার নীতিগত নির্দেশনা দেওয়া এবং সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের কার্যক্রম তত্ত্বাবধানও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।

এনসিসিএফ জলবায়ু অর্থায়ন-সংক্রান্ত নীতি ও কৌশল চূড়ান্ত করার পাশাপাশি বিদ্যমান নীতিমালার সংস্কার ও সংশোধনের সুপারিশ করবে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় তহবিলের মাধ্যমে অর্থায়ন সংগ্রহের কৌশল নির্ধারণ, কর্মসূচি ও প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের নীতিগত জটিলতা নিরসনেও এই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রজ্ঞাপন অনুযায়ী, বছরে অন্তত দুইবার এই কমিটির সভা অনুষ্ঠিত হবে, তবে প্রয়োজনে যেকোনো সময় সভা আহ্বান করা যাবে এবং কমিটিতে নতুন সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।