দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের ভুল জ্বালানি নীতি, অতিরিক্ত আমদানিনির্ভরতা এবং জাতীয় সক্ষমতা গড়ে তুলতে ব্যর্থতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সঙ্গে বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই; বরং এটি অতীতের ভুল নীতি ও সিদ্ধান্তের ফল। জনগণকে এই পার্থক্য বুঝতে দিলে তারা জবাবদিহিতামূলক সরকারের কার্যকারিতা বিচার করতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনৈতিক প্রেক্ষাপট ও উদীয়মান চ্যালেঞ্জ : আগামী দিনের অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিতুমীর বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশে পড়ছে। বর্তমানে কাতার থেকে এলএনজি আমদানিতে প্রতি ইউনিটে প্রায় ১১ ডলার ব্যয় হচ্ছে, অথচ নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সক্ষমতা থাকলে এর চেয়ে অনেক কম খরচে জ্বালানি সরবরাহ সম্ভব হতো।
তিনি আরও বলেন, অতীতে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে। পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না করা এবং নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার কারণেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি জ্বালানি খাতে ‘কস্ট অব ইনঅ্যাকশন’, ‘কস্ট অব রং ডুইং’, পাচার হওয়া অর্থ এবং জ্বালানি খাতের দায়-দেনার হিসাব করে একটি পূর্ণাঙ্গ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বিভিন্ন থিংক ট্যাংককে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থের অপব্যবহার ও ভুল নীতির অর্থনৈতিক মূল্য নিরূপণ ছাড়া সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন।
অতীতের স্বজনতোষী পৃষ্ঠপোষকতা ও আমদানিনির্ভরতার ফলে জ্বালানি খাতে একটি অলিগার্কিক কাঠামো তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তবে বর্তমান সরকার ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে এবং নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রাহকদের উৎপাদক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সৌরবিদ্যুৎ সরঞ্জামে ভ্যাট ও অগ্রিম আয়কর ছাড়ের ব্যবস্থাও করা হচ্ছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দের যথাযথ ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি কিডনি ডায়ালাইসিস ও করোনারি কেয়ার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের লক্ষ্যমাত্রা সম্পর্কে তিনি জানান, লুটপাট ও দুর্নীতির কারণে অতীতে মূল্যস্ফীতির ওপর যে চাপ ছিল, তা ধীরে ধীরে ৬ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া বন্ধ কলকারখানা চালুর জন্য ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার অর্থায়ন সেপ্টেম্বর থেকে শুরু হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসে গত অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। সরকারের প্রথম প্রান্তিকের কার্যক্রম শেষ হওয়ার পর অক্টোবরের মাঝামাঝি সময়ে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ সরকারের সার্বিক অগ্রগতির বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।
স্বাস্থ্য খাতে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হচ্ছে। ভবিষ্যতে ১৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিটসহ প্রয়োজনীয় স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মূল্যস্ফীতি সম্পর্কে তিনি বলেন, লুটপাট, দুর্নীতি এবং আমদানি ও সরবরাহ ব্যবস্থার নানা অনিয়মের কারণে অতীতে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতি ৮ শতাংশের সামান্য বেশি থাকলেও ধীরে ধীরে তা ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

