বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের করা মূল্য সমন্বয়ের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ভোজ্যতেল ব্যবসায়ীরা প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিবর্তনের ফলে বাজারে এখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ২০৪ টাকা, যা এতদিন ১৯৯ টাকা ছিল।
দাম সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি দাম বাড়ানোর দাবি থাকলেও সরকার তা সমন্বয় করে ৫ টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে।
বাণিজ্য সচিব আরও জানান, বর্তমানে বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রমজানের আগে দাম আবারও বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে। এছাড়া দাম বাড়ার ফলে মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সরকার তা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

