চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাজীবনে প্রবেশের পথ সুগম করতে এবং শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে 'চাকসু প্রেজেন্টস চাট্টগ্রাম জব ফেয়ার ২০২৬'। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলা শুরু হয়।
দিনব্যাপী এই জব ফেয়ারের আয়োজক ছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং এতে সহযোগিতা করেছে এক্সেলেন্স বাংলাদেশ। মেলায় দেশের প্রায় ৩০টি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়।
শিক্ষার্থীদের জন্য এই আয়োজনে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়া, স্পট ইন্টারভিউ ও সিভি স্ক্রিনিংয়ের সুযোগ রাখা হয়েছিল। এছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং ও করপোরেট নেটওয়ার্কিংয়ের পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম এবং ইন্টার্নশিপ পদের জন্য আবেদনের সুযোগ পান শিক্ষার্থীরা।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের পথ আরও সহজ করতে পারবে। একইসঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।

