নিত্যপণ্যের ক্রমবর্ধমান দামের পেছনে বাজারে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং অসাধু কারসাজিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। আসন্ন রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী নেতারা অংশ নেন।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জানান, সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং সড়কে চাঁদাবাজির কারণে ৩০ টাকার সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শ্যামবাজার কৃষিপণ্য আড়ত মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন অভিযোগ করেন, বাজারে চাঁদাবাজির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ কেউ জড়িত এবং শ্যামবাজারে পুলিশও চাঁদা তোলে। তিনি আরও উল্লেখ করেন যে, করপোরেট ব্যবসায়ীরা ‘মিনিকেট’ নামের কোনো ধানের জাত না থাকা সত্ত্বেও প্যাকেটজাত চাল উচ্চমূল্যে বিক্রি করছেন।
বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে মনিটরিংয়ের অভাবকে মূল কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, সিন্ডিকেটকে দেখা না গেলেও এর প্রভাব সরাসরি ভোক্তার ওপর পড়ছে। খিলগাঁও (তালতলা) সিটি করপোরেশন সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশনের মহাসচিব কাজী আনিসুজ্জামান বলেন, আইনশৃঙ্খলার বিষয়ে নজর দেয়া হলে ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারতেন। ফকিরেরপুল বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির শওকত হোসেন বলেন, প্রতিটি বাজারেই ‘কন্ট্রোলার’ রয়েছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের লোকজন বাজার নিয়ন্ত্রণ করে। পালস অ্যান্ড ল্যান্টিল ক্রাশিং মিল মালিক সমিতির বিকাশ চন্দ্র সাহা জানান, গত ১০ দিনের ব্যবধানে ডাবলি ও ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তিনি আরও জানান, সিটি গ্রুপ সরবরাহ কমিয়ে দেয়ায় কেউ কেউ বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রুটি-বিস্কুট প্রস্তুতকারক সমিতির সভাপতি জালাল উদ্দিন জানান, ময়দা, তেল ও চিনির দামের ঊর্ধ্বগতির কারণে গত তিন মাসে ২০টি কারখানা বন্ধ হয়ে প্রায় এক হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। তিনি সতর্ক করেন যে, আগামী চার-পাঁচদিনের মধ্যে রুটি-বিস্কুটের দাম ২০ শতাংশ বাড়তে পারে। এছাড়া বাজারে পণ্যভেদে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মুনাফা এবং ২৫ শতাংশ পর্যন্ত অযৌক্তিক দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহেল আক্তার জানান, একটি বাজারে প্রতিদিন চৌকি ভাড়া বাবদ ৩ হাজার টাকা দিতে হয়, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়ে। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, ব্যাংকিং সমস্যা ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এখন হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে বাজার নিয়ন্ত্রিত হচ্ছে।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে বাড়তি মুনাফা বা সিন্ডিকেট করা থেকে বিরত থাকতে হবে। ব্যবসায়ীরা জানান, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে পণ্য উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটছে। তাই নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে উৎপাদনমুখী শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থায় হয়রানি বন্ধের দাবি জানান তারা। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা নেয়ার ওপরও জোর দেয়া হয়।

