এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন ও তার মিডিয়া সেলের পক্ষ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. মিলন জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে প্রধানমন্ত্রী ১ লাখ ১৬ হাজার ট্যাব বিতরণের পরিকল্পনা করেছেন। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহী করতে প্রতিটি ক্লাসে ‘পিংকি মোটরসাইকেল’ উপহার দেওয়ার কথাও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘এগুলোর সবই হচ্ছে শিক্ষায় উৎসাহিত করার জন্য।’

উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেই ফলাফলে সব বোর্ড মিলিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের সুনির্দিষ্ট সংখ্যা আলাদাভাবে জানানো হয়নি।