প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৫। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে নেতাকর্মীরা জমায়েত হন। সমাবেশ শেষে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল এমপি। এছাড়া বিশেষ বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আমির এজাজ খান এমপি, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।

