রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীর্ষ দুটি প্রশাসনিক পদ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রায় আড়াই বছর ধরে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদটি খালি পড়ে আছে। এছাড়া নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হলেও এক মাস পেরিয়ে যাওয়ার পরও তিনি এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী, ২০২০ সালের ১০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে চার বছরের জন্য বেরোবির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের মার্চ মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ পদটিতে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও প্রশাসনিক এই পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয় আইনের ২০০৯-এর ১২(১) ধারা অনুযায়ী, আচার্য চাইলে নির্ধারিত শর্তে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিতে পারেন। শিক্ষক ও কর্মকর্তাদের ভাষ্যমতে, উপাচার্যের অনুপস্থিতিতে একাডেমিক তদারকি, নীতিনির্ধারণী কমিটির সমন্বয় এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য উপ-উপাচার্যের ভূমিকা অপরিহার্য। পদটি দীর্ঘ সময় শূন্য থাকায় বর্তমানে উপাচার্য ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে ট্রেজারার পদ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। প্রায় দুই বছর খালি থাকার পর গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়। তবে নিয়োগের এক মাস পার হলেও তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি। এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করার পর থেকে পদটি খালি ছিল। দীর্ঘ অপেক্ষার পর নতুন ট্রেজারার নিয়োগ হলেও তাঁর যোগদান না করায় বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
যোগদানের বিষয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, এক মাসে আগে যেমন ছিল এখনো তেমনি আছে। আর এ বিষয়ে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা হয়তো সঠিক তথ্য দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানিয়েছেন, প্রো-ভিসির নিয়োগের বিষয়ে এখনো কোনো আপডেট নেই। এ নিয়োগ আমার হাতে নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে। আর ট্রেজারারের জন্য আমরা চেয়েছিলাম এবং নিয়োগও পেয়েছিলাম। তবে বিভিন্ন কারণে সে এখনো যোগদান করতে পারে নাই।

